শিরোনাম

দিনাজপুর, ১১ জুলাই ২০২৬ (বাসস): জেলার পার্বতীপুর উপজেলায় আজ পাউরুটির উৎপাদনের প্রকৃত তারিখের সাথে মোড়কে উরেøখিত তারিখের মিল না থাকা, দইয়ে বিএসটিআই-এর মোড়ক বা স্টিকার না থাকা এবং খাদ্যে সাল্টু ব্যবহারের অপরাধে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পার্বতীপুর পৌর শহরের নতুন বাজার ও বাইপাস মোড় এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার পার্বতীপুর উপজেলার পৌর শহরের নতুন বাজার ও বাইপাস মোড় এলাকায় অভিযানকালে নিম্নমানের ও ভেজাল খাদ্য প্রস্তুত এবং বিক্রির দায়ে বিচারক তাৎক্ষণিক ঘটনাস্থলেই সামারি ট্রায়ালে তিনটি খাবার হোটেল এবং একটি বেকারিকে জরিমানা করেন।
তিনি জানান, দই-এ বিএসটিআইয়ের মোড়ক বা স্টিকার না থাকায় শাহ হোটেল, বীর মুক্তিযোদ্ধা হোটেল ও মামা ভাগিনা হোটেলের প্রতিটিকে একলাখ টাকা কওে মোট তিনলাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পাউরুটি উৎপাদনের প্রকৃত তারিখের সাথে মোড়কের ভিতরের স্টিকারের তারিখের মিল না থাকা ও খাদ্যে সাল্টু ব্যবহারের অপরাধে তাজ বেকারিকে দুইলাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।