শিরোনাম

রাঙামাটি, ১১ জুলাই ২০২৬ (বাসস) : অব্যাহত টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটলে বান্দরবান-রাঙামাটি সড়ক পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সেতুর দুই প্রান্তের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বাসসকে বলেন, টানা বর্ষণ ও প্রবল স্রোতের কারণে আজ সকালে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকার সেতুটি ভেঙে পড়ায় সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া সেতুটি ভেঙে পড়ায় রাঙ্গুনিয়া উপজেলা হয়ে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ এখন বন্ধ আছে।
তিনি বলেন, ‘সেতুটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানিয়েছি।’
তিনি জানান, কর্ণফুলি নদীতে পানি বাড়ায় রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকা থেকে নদীর অন্য পাড়ে যে ফেরি চলাচল করত সেটিও বন্ধ আছে। এতে উপজেলা থেকে বিকল্প এই পথে সেতু পেরিয়ে বান্দরবানের পথে যাত্রাও বর্তমানের বন্ধ আছে।