শিরোনাম

মুন্সীগঞ্জ, ১১ জুলাই (বাসস) : মুন্সীগঞ্জে লুণ্ঠিত ৫৯৪ কার্টুন সয়াবিন তেল এবং ছিনতাই হওয়া কাভার্ডভ্যানসহ আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানান।
জেলা গোয়েন্দা শাখা এবং শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আঃ গণি মিয়া ( ২৮ ) এবং অভি রহমান ( ২৮ ) কে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করে।
ডাকাত দলের সদস্য আঃ গণি মিয়া ঢাকা জেলার সাভার থানার মৃত কুদরত আলীর পুত্র এবং অভি রহমান ঢাকার কদমতলী থানার রাজন ব্যাপারীর পুত্র।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম জানান, গতকাল শুক্রবার (১০ জুলাই) ভোর রাত সাড়ে ৪ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর থানার ওমপাড়া এলাকায় মাওয়াগামী সার্ভিস লেনে কাভার্ড ভ্যানসহ ৬৬৫ কার্টুন সয়াবিন তেল ( ১১৯৭০ লিটার ) লুটের ঘটনা ঘটে। এ ব্যাপারে শ্রীনগর থানায় মামলা হলে গতকাল শুক্রবার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কান্দাপাড়া এলাকা হতে লুণ্ঠিত ৯ কার্টুন সয়াবিন তেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি পিকআপ এবং লুণ্ঠিত কাভার্ডভ্যানসহ আঃ গণি মিয়া এবং অভি রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বগুড়া জেলার শেরপুর থানাধীন বেলঘড়িয়া বাজারস্থ জ্ঞানেন্দ্রনাথের গোডাউন থেকে লুণ্ঠিত আরো ৫৮৫ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কাভার্ডভ্যান চালক মোঃ আফছার উদ্দিন ৬৬৫ কার্টুন সয়াবিন তেল (১১৯৭০ লিটার ) নিয়ে মেঘনাঘাটের সোনারগাঁও সিড ক্রসিং থেকে মালামাল নিয়ে যশোর যাচ্ছিল। ডাকাতদল একটি পিকআপে কাভার্ড ভ্যানের পথরোধ করে চালককে পিকআপে তুলে আটকিয়ে মালামালসহ কাভার্ড ভ্যানটি লুট করে নিয়ে যায়।