বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৬:৫১

নেত্রকোণায় ৩৩০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ছবি : বাসস

নেত্রকোণা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আজ শনিবার দুপুরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মো.আনোয়ারুল হক।

প্রধান অতিথি বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর। এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সর্বদা কৃষকদের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি এ সময় ধর্মীয় ও সামাজিক কল্যাণে একটি বিশেষ ঘোষণা দিয়ে বলেন, খুব শিগগিরই সদর ও বারহাট্টা এলাকার প্রতিটি ইউনিয়নের ৭টি করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু করা হবে। এর ফলে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি মিলবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন বাসস’কে বলেন, অর্থবছরের খরিপ-২ মৌসুমে উপজেলার রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ সহায়তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ২৬০ জন করে মোট ৩ হাজার ১২০ জন এবং নেত্রকোণা পৌর এলাকার ১৮০ জন কৃষক এ সুবিধা পাচ্ছেন।

প্রতিজন কৃষক ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) এবং ১০ কেজি করে এমওপি (মিউরেট অব পটাশ) সার পাচ্ছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কি, নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টুসহ জনপ্রতিনিধিবৃন্দ।