শিরোনাম

নরসিংদী, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে মাধবদী পৌরসভার ২টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন।
শুক্রবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধার হওয়া যানবাহনগুলোতে কোনো নিবন্ধন নম্বর প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ যানবাহনগুলোকে পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজের মালিক তাজুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট ২০২৪-এর অনেক আগে মাধবদী পৌরসভার ৪টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়। এর মধ্যে ২টি ড্রাম ট্রাক মেরামত শেষে ৫ আগস্ট ২০২৪-এর আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ২টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত ছিল।
তিনি আরও স্বীকার করেন, ৫ আগস্ট ২০২৪-এর পর এসব যানবাহনের বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে তিনি আর কোনো যোগাযোগ করেননি, যা তার ভুল ছিল।
জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত যানবাহনগুলো মাধবদী পৌরসভায় হস্তান্তর করেছে।