শিরোনাম

পটুয়াখালী, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস জেলার বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়| এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার গোসিংগা এলাকার লাল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জলিল আহমেদ (৬০) ও রত্না বেগম (৩০) নামের দুই যাত্রীর পরিচয় জানা গেছে। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বা স্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, সকাল ৮টায় দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব-১৫-০৩৩৩ নম্বরের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাউফলের বিলবিলাস বাজার এলাকায় পৌঁছে দু’টি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা চালককে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। পরে গোসিংগা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে|
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে ঘটনার পর থেকে বাস চালককে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
যাত্রীরা অভিযোগ করেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় হেলপার দিয়ে গাড়ি চালানো, চালকের অসতর্কতা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা চলন্ত বাসে মোবাইল ফোনে কথা বলার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বাসস’কে বলেছেন, ‘বর্তমান সড়কটি পর্যাপ্ত প্রশস্ত নয়| দু’টি বাস একসঙ্গে সহজে চলাচল করতে পারে না। বিষয়টি নিয়ে জেলা পর্যায়ের সভায় আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, সড়কটি আরও ৫ থেকে ৬ ফুট প্রশস্ত করা গেলে যান চলাচল অনেক সহজ হবে। পাশাপাশি সড়কের ফাঁকা স্থানগুলোতে দ্রুত গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।’