শিরোনাম

লালমনিরহাট, ৯ জুলাই ২০২৬ (বাসস): মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।
আগামী এক মাস মাদক ও জুয়া মামলায় গ্রেপ্তার হওয়া কোনো আসামির পক্ষে আদালতে জামিন আবেদন বা আইনি সহায়তা প্রদান করবেন না জেলার আইনজীবীরা।
আজ সকালে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ঘোষিত 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হলো।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর স্বপন বলেন, ‘মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ অবস্থায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবী সমাজও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘এটি একটি সামাজিক বার্তা।
মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের উদ্যোগে গত ৪ জুলাই থেকে জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ চারটি সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচি ঘোষণা করে।