শিরোনাম

বাগেরহাট, ৯ জুলাই, ২০২৬, (বাসস): জেলার চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখ বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বিকেল ৩টায় চিতলমারী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তার বাসভবনে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান এবং উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক আবু তালেব শেখ অনুষ্ঠানে উপস্থিত থেকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
পরে মরহুমের কফিনে জাতীয় পতাকা অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য। তাদের ত্যাগ ও বীরত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষ বিদায় জানানো জাতির দায়িত্ব ও গৌরবের বিষয়।
সবশেষে মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।