বাসস
  ০৯ জুলাই ২০২৬, ২১:১০

সাতকানিয়ায় স্রোতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ

ছবি : বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সাতকানিয়ায় সাঙ্গু নদীর পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন আবদুল আলম (৩৫) নামে এক যুবদল কর্মী।

আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবদল কর্মী কালিয়াইশ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা। তার দুই সন্তান রয়েছে।

এর আগে গতকাল বুধবার ভোরে তিনি নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে নৌকা নিয়ে নদীতে গিয়েছিলেন।

স্থানীয় কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ যুবদল কর্মীর বড় ভাই নুরুল আলম বলেন, আবদুল আলমসহ চার বন্ধু ভোরে নৌকা নিয়ে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সকাল আটটার দিকে তার দুই বন্ধু এসে জানান, কাঠ সংগ্রহ করতে গিয়ে অসাবধানবশত তিনি নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর নৌকায় থাকা অন্য তিনজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সাতকানিয়া উপজেলা প্রশাসন জানায়, সাঙ্গু নদের পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গ্রামীণ সড়কসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, যুবদল কর্মী নিখোঁজের খবর শুনেছি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।