শিরোনাম

নড়াইল, ৯ জুলাই, ২০২৬, (বাসস) : ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের যাকাতের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে দুস্থ, গরিব ও অসহায়দের মাঝে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির।
এ সময় জেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা জাকারিয়া, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুবিধাভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন প্রতি অর্থবছরে যাকাত তহবিল থেকে দুস্থ, গরিব ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা হিসেবে যাকাতের অর্থ প্রদান করে থাকে।
এবারের উদ্যোগের মাধ্যমে ৬১ জন নারী-পুরুষ সুবিধাভোগীকে ৪ লাখ ৮৭ হাজার ৭৫২ টাকা যাকাতের চেক হস্তান্তর করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হক বলেন, যাকাত শুধু অর্থ সহায়তা নয়, এটি দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর হাতিয়ার।
ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ মহৎ উদ্যোগ পরিচালনা করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে। সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা করা গেলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে।
যাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সুবিধাভোগীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে। ইসলামিক ফাউন্ডেশন সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ অনুষ্ঠানে ঈমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৬ জনকে সুদমুক্ত লোন হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।