শিরোনাম

বান্দরবান, ৯ জুলাই, ২০২৬, (বাসস): টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধিতে বন্যাকবলিত বান্দরবানের থানচি উপজেলার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাহিনীটি।
আজ বৃহস্পতিবার বিকেলে থানচি উপজেলার বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন।
এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় ৩০টি পরিবারের শিশুসহ শতাধিক বন্যার্তের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সপ্তাহখানেক ধরে টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিবাজার এলাকার প্রায় ৩০টি পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য বলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
পরিদর্শনকালে অধিনায়ক আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে থেকে বিজিবির সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
এ সময় বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বাসসকে বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও দুর্যোগকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।