বাসস
  ০৯ জুলাই ২০২৬, ২০:২৭

খুলনায় ডাকাত ‘খবির বাহিনী’র প্রধান গ্রেফতার

খুলনা, ৯ জুলাই, ২০২৬, (বাসস): খুলনার ডাকাত দল ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লাকে (৪৭) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬। তিনি জেলার দিঘলিয়া থানাধীন জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে।

র‌্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, গতকাল বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনার দুর্ধর্ষ ডাকাত ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লাকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে আসামির কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষিদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামি খবির মোল্লা একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার একাধিক থানায় হত্যা, অস্ত্র,  ও ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামির বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে উদ্ধার আলামতসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।