শিরোনাম

লালমনিরহাট, ৯ জুলাই ২০২৬ (বাসস): পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে লক্ষাধিক খেজুর বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ বীজ বপনের মাধ্যমে দীর্ঘমেয়াদি সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান স্থানীয় সংগঠন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ।
আয়োজকরা জানান, সবুজ সেবা ফাউন্ডেশন ও ইয়ুথনেট গ্লোবাল লালমনিরহাট জেলা টিমের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, খাসজমি ও উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে লক্ষাধিক খেজুর বীজ বপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য নানা ধরনের হুমকির মুখে পড়েছে। এই সংকট মোকাবেলায় ব্যাপক বৃক্ষায়নের কোনো বিকল্প নেই। খেজুর গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, বরং এটি দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
পরিবেশ রক্ষায় এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, সহ-সভাপতি আতিকুর রহমান শাকিল, সহ-সভাপতি ইউসুফ আহমেদ রোকন, জেলা কো-অর্ডিনেটর আজহারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠান শেষে অতিথি ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে খেজুর বীজ বপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।