বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৯:৫৩

টাঙ্গাইলে বন্যার পূর্ব প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত 

ছবি : বাসস

টাঙ্গাইল, ৯ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি গ্রহণ করে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায় সে লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। এতে  বন্যাকালে নৌদুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায় সে সম্পর্কেও বিস্তারিত ধারনা দেওয়া হয়।  

আজ দুপুরে স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় ও মানব মুক্তি সংস্থা (এমএমএস)’র বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে বালিয়াপাড়া এলাকায় এই বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

মো. সেলিম মিঞা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও অনিশ্চয়তার ঝুঁকি ক্রমশ বাড়ছে। তাই, দুর্যোগ মোকাবেলায় আমাদের শুধু ত্রাণের ওপর নির্ভর করলে চলবে না, বরং আগাম প্রস্তুতি, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগকে জোরদার করতে হবে। দুর্যোগের সময় সচেতনতা ও প্রস্তুতি আতঙ্ক নয়, বরং এটি জনগণের সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ যত বাড়বে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার শেখ আব্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, টাঙ্গাইল সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস)’র সমন্বয়কারী মিজানুর রহমান এবং প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান।