বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৯:১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোণায় র‌্যালি ও আলোচনা সভা

ছবি : বাসস

নেত্রকোণা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ আড়ম্বরপূর্ণভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার এবং ডেপুটি সিভিল সার্জন ডা.আফরিন সুলতানা।

এতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আবদুল্লাহ আল মতিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প-উদ্যোক্তাগণ, পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভা শেষে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এবং তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।