বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৮:৫৪

নরসিংদীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৪৮ হাজার টাকা জরিমানা

নরসিংদী, ৯ জুলাই, ২০২৬, (বাসস): জেলার রায়পুরা উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান না রাখা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৮ হাজার টাকা অর্থদ- করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি সাময়িকভাবে বন্ধ করে সংশ্লিষ্টরা সেখান থেকে চলে যান বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। 

এ সময় রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।