শিরোনাম

নাটোর, ৯ জুলাই ২০২৬ (বাসস): জেলার বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গোপালপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রান্টু মিয়া (২৮) নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে। তিনি ব্যাটারি চালিত ইজিবাইকের চালক ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুপুরে রান্টু মিয়া তার ইজিবাইকে দুই জন যাত্রী নিয়ে গড়মাটি থেকে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। পথে সরকারের ঢালান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত ও অন্য দুই জন যাত্রী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ট্রাকটি বনপাড়া হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। এ ব্যাপারে বড়াইপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।