শিরোনাম

ঝালকাঠি, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঝালকাঠি যুব ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডেপুটি কো-অর্ডিনেটর (যুব প্রশিক্ষণ কেন্দ্র) মোহাম্মদ আব্দুল্লাহ আল আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোফাজ্জেল হোসেন এবং সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন তালুকদার।
এ সময় বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ অর্থবছরে গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স এবং পোশাক তৈরি বিষয়ে দুই শতাধিক যুবক ও যুবতিকে প্রশিক্ষণ দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।