শিরোনাম

রাঙামাটি, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : টানা বৃষ্টিপাত ও পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. দীপেন দেওয়ান।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত লোকজনের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে দীপেন দেওয়ান এমপি বলেন, ২০১৭ সালের ভয়াবহ পাহাড়ধসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় রাঙামাটিতে স্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন সময়ের দাবি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, পাহাড়ধসের ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হবে।
আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি তবলছড়ি এডিসি হিল জুনিয়র উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দারসহ বিএনপির সহ-সভাপতি আলী বাবর, যুগ্ম সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক প্রমুখ।