শিরোনাম

শেরপুর, ৯ জুলাই, ২০২৬ (বাসস): ‘জলবায়ু পরিবর্তন-আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা বিতরণ ও সনদপত্র প্রদান করেন।