শিরোনাম

ঢাকা, ০৮ জুলাই, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগাড সদস্যরা।
আজ বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায় আজ সকাল সাড়ে ৬টায় কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এ সময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়।
সাব্বির আলম সুজন আরও বলেন, পরিবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।