শিরোনাম

কুড়িগ্রাম, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেনÑবলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিলে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধারে করতে এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদ এবং এর কিছুক্ষণ পর রাবেয়া বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে উলিপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত দম্পতির মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বাসস’কে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’