বাসস
  ০৫ জুলাই ২০২৬, ২১:৫৫
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২২:২৫

পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

ছবি : পিআইডি

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’ উদ্বোধন করেছেন।

বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে ঢাকায় তেজগাঁও বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন।

মেলায় হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, মধু ও খাদ্যপণ্য ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে ৫৬ টি স্টল রয়েছে। 

৫ জুলাই থেকে ৯ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিক ভবনের নিচতলায় এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।