শিরোনাম

পটুয়াখালী, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খাল পুনঃখননের পর এর দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে কলাপাড়ায় এ কর্মসূচির সূচনা হলো।
তিনি আরও বলেন, কৃষি ও মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে আরও খাল পুনঃখনন করা হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোসেদুল আলম জানান, ১৯৮০-এর দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়া সফরকালে নিজ হাতে স্বনির্ভর খাল খনন করেছিলেন। চলতি বছর খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।
প্রথম পর্যায়ে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের এক হাজার ৪৫০ মিটার অংশ পুনঃখনন সম্পন্ন হয়েছে। পুনঃখনন করা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির এক হাজার ৬০০ গাছ রোপণ করা হবে।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।