শিরোনাম

রংপুর, ৫ জুলাই, ২০২৬, (বাসস) : জেলার গঙ্গাচড়া উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় রঙ্গন গোস্বামী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রঙ্গন গোস্বামী উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে।
তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বাসসকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।