বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৭:১৮

৯ দফাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবি কলাপাড়াবাসীর

ছবি : বাসস

পটুয়াখালী, ১ জুলাই, ২০২৬ (বাসস) : কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ ৯ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলাপাড়াবাসী। 

আজ বুধবার সকাল ১০টায় নাগরিক সমাজের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে শুরু হয়ে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। 

দুপুর ১২টা পর্যন্ত একযোগে চলা এ কর্মসূচিতে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধলক্ষাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ ঘোষিত ৯ দফা বাস্তবায়ন এবং জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তারা বলেন, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এ লক্ষে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান অংশগ্রহণকারীরা।