বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৭:০৯

মাগুরায় ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

ছবি : বাসস

মাগুরা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : সদর উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (এডিপি)-এর অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।