শিরোনাম

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : চাঁদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ এ তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুর সদর থানাধীন পুরান বাজারে ৩০ জুন কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে একটি গোডাউনে তল্লাশি করে প্রায় ৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি ও ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল সংরক্ষণের দায়ে গোডাউনের মালিক থেকে জরিমানা আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
জব্দকৃত অবৈধ জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।