বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৫:১৭

চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১ জুলাই, ২০২৬ বাসস) : জেলার জীবননগর উপজেলায় অবৈধ প্রক্রিয়ায় গমের ভূষি তৈরি ও বাজারজাত করায় ‘মেসার্স শাহীন ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে আজ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার উপজেলার জীবননগর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগরে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার কীটনাশক ও ভূষির দোকানে তদারকি করা হয়। তদারকিকালে সম্পূর্ণ অবৈধ উপায়ে ব্র্যান্ডের (তীর গমের ভূষি) নকল বা অবৈধ পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বাসস’কে বলেন, অভিযান চলাকালীন ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। বিশেষ করে দোকানে প্রতিদিনের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ বা বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।