বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৩:৪১

চাঁদপুরে জব্দ ১৫ লাখ মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

ছবি : বাসস

চাঁদপুর, ১ জুলাই, ২০২৬ (বাসস) : চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল ও ১শ’ চায়না দুয়ারি জাল জব্দ করে রাতেই সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার দুপুরে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরান বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা ১ জনকে ৩হাজার টাকা জরিমানা করেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বাসস’কে বলেন, গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্টজাল ও ১শ’টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। পরে জব্দ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা উপস্থিত ছিলেন।