বাসস
  ৩০ জুন ২০২৬, ২২:৩৪

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ, ৩০ জুন, ২০২৬, (বাসস): পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিক্ষার্থী হলো, সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই ওই এলাকার সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কয়েকজন বন্ধু একসঙ্গে চরবাগডাঙা ইউনিয়নের আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়।

তাদের বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন। পরে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।