শিরোনাম

নীলফামারী, ৩০ জুন, ২০২৬, (বাসস): কার্যক্রম গতিশীল ও জনমুখী করতে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এসময় বক্তৃতা দেন টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মছিরত আলী শাহ ফকির, লক্ষীচাপ ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান, রামনগর ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল ইসলাম, পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম সরকার, পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম তালুকদার, সোনারায় ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম শাহ্, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মো. মাসুম রেজা, চওড়া বড়গাছা ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের বিটু প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার সমস্যা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন।
জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, জেলা পরিষদের কার্যক্রমকে বেগবান ও জনকল্যাণমুখী করার লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের সঙ্গে জেলা পরিষদের সমন্বয় ও যোগাযোগ অব্যাহত থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং এর সুফল পাবে জনগণ।