শিরোনাম

খুলনা, ৩০ জুন, ২০২৬, (বাসস): আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকার ২২টি কেন্দ্রে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতা বলে নিম্মলিখিত আদেশ বলবৎ থাকবে।
আজ মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষে পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে দুইশ' গজের মধ্যে পাঁচ বা ততধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না।
পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার লাউড স্পিকার বা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোনো শব্দ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দুইশত গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।