বাসস
  ৩০ জুন ২০২৬, ১০:৫৩

জলবায়ু সহনশীল কৃষিতে উদ্যোক্তা তৈরির বার্তা

ছবি: বাসস

বাগেরহাট, ৩০ জুন, ২০২৬ (বাসস): কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি উন্নয়ন, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’।

গতকাল সোমবার দুপুরে মোংলা উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোংলার আয়োজনে এবং ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

প্রধান অতিথি মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও জলবায়ু সহনশীল কৃষিই ভবিষ্যৎ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে| কৃষিকে লাভজনক ও টেকসই খাতে রূপ দিতে সরকারের সহায়তার পাশাপাশি কৃষকদের দক্ষতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি| একই সঙ্গে তরুণদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত হয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) অপূর্ব লাল সরকার, মোংলা উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক এবং মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সফল কৃষকদের মাঝে সম্মাননা, গাছের চারা ও ˆজব সার বিতরণ করা হয়।