শিরোনাম

ময়মনসিংহ, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক) অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন ড. মো. রফিকুল ইসলাম সরদার।
এ স্বীকৃতি বিশ্ববিদ্যলয়ের গবেষণা কার্যক্রমকে সমৃদ্ধ করেছে বলে মনে করছেন বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বাসসকে এ গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জনের বিষয়টি জানিয়েছেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নিজেই।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গত ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ স্বর্ণপদক ও সনদপত্র অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের হাতে তুলে দেন।
অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বলেন, আমার গবেষণার ক্ষেত্র হলো মাছের স্পার্ম সংরক্ষণ, যাকে ক্রায়োপ্রিজারভেশন বলা হয়। এ প্রযুক্তির মাধ্যমে মাছের স্পার্ম সংরক্ষণ করে পরবর্তীতে মাছের ডিম নিষিক্ত করে পোনা উৎপাদন করা হয়। এরপর সেই পোনা বড় করে গুণগত মানসম্পন্ন মা-মাছ তৈরি করছি। গবাদিপশুর ক্ষেত্রে যেমন উন্নত জাতের প্রজননের জন্য সংরক্ষিত স্পার্ম ব্যবহার করা হয়, একইভাবে মাছের ক্ষেত্রেও এ প্রযুক্তি প্রয়োগ করে উন্নতমানের মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এর মাধ্যমে ভালো মানের মা মাছ তৈরি করা এবং ভবিষ্যতে মাছের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।
তিনি আরও জানান, ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন চাষি, উদ্যোক্তা, খামারি ও গবেষককে এ স্বর্ণপদক দেয়া হয়। এর মধ্যে গবেষক ক্যাটাগরিতে আমিও একজন হিসেবে এ স্বর্ণপদক পেয়েছি। এ স্বীকৃতি আমার গবেষণাকাজকে আরও উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।