শিরোনাম

গাজীপুর, ২৯ জুন, ২০২৬, (বাসস): সামাজিক দায়বদ্ধতা রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং গুজবের ভিড়ে সত্যকে তুলে ধরার লক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার তরুণ কনটেন্ট নির্মাতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের এই আয়োজনে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কনটেন্ট নির্মাতাদের সামাজিক দায়িত্ব।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে 'ক্লিক বেইট' বা বিভ্রান্তিকর শিরোনাম।
ভেতরের খবরের সঙ্গে শিরোনামের কোনো মিল না রেখে ভিউ বাড়ানোর যে অসুস্থ প্রতিযোগিতা, তা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি কোনো তথ্য না জেনে শেয়ার বা কনটেন্ট তৈরি না করে 'ফ্যাক্ট চেকিং' বা তথ্য যাচাইয়ের তাগিদ দেন।
তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগকালীন সময়ে বিভ্রান্তি না ছড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটররা মানুষের পাশে দাঁড়াতে পারেন। তিনি বলেন, মানুষ তার কর্মের মাধ্যমেই সমাজে পরিচিতি লাভ করে।
তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবসময় সঠিক তথ্য উপস্থাপনের পাশাপাশি কনটেন্টের 'ফর্মিং অ্যান্ড ফ্রেমিং' বা উপস্থাপনার কৌশলের ওপর বিশেষ গুরুত্ব দেন।
শুধু বিনোদনই নয়, কনটেন্ট ক্রিয়েশনকে কীভাবে মূলধারার একটি লাভজনক ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেই স্বপ্নও দেখান তিনি।
বক্তব্যের একপর্যায়ে তিনি বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন এবং বাংলাদেশের বিনোদন জগতের জীবন্ত কিংবদন্তি, ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র পরিকল্পনাকর্তা ও উপস্থাপক হানিফ সংকেতের উদাহরণ টেনে আনেন।
তিনি দেখিয়ে দেন, কীভাবে নিছক কৌতুক বা বিনোদনের আড়ালে সমাজে অত্যন্ত শক্তিশালী ও গভীর ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। তবে এজন্য প্রয়োজন মেধা এবং ভিডিও ও অডিওর সঠিক সামঞ্জস্য।
কেবল কথার কথা নয়, গাজীপুরের এই তরুণ নির্মাতাদের দক্ষতাকে আরও শাণিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দিনব্যাপী বিশেষ কর্মশালা আয়োজনের সুখবরও দেন জেলা প্রশাসক।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।