শিরোনাম

সুনামগঞ্জ, ২৯ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক জানান, নতুন অর্থবছরের (২০২৬-২০২৭ ) সর্বমোট আয় ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা এবং সম্ভাব্য ব্যয় ৪৫ কোটি ৩৮ লাখ টাকা ধরা হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা।
তিনি বলেন, পৌর নাগরিকরা সময়মতো পৌর কর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
পৌর প্রশাসক জানান, স্যানিটেশন প্রকল্পের আওতায় (বৈদেশিক ঋণ অর্থায়ন আলোচনাধীন) শহরতলীর বুড়িস্থল এলাকায় আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ খাতে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে।
এ ছাড়া বাংলাদেশের প্রবৃদ্ধি করিডোরের রূপান্তর ও শহরগুলোর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আরও ১০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।
পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, পৌরসভার প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার নাগরিকের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বিদায়ি ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা এবং সম্ভাব্য ব্যয় ছিল ৩০ কোটি ১২ লাখ ৬২ হাজার ৫৪৫ টাকা। এছাড়া উদ্বৃত্ত ছিল ৫ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা।
বাজেট অধিবেশনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস প্রমুখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।