শিরোনাম

সাতক্ষীরা, ২৯ জুন, ২০২৬, (বাসস) : হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে স্ব-স্ব মালিককে ফিরিয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন ও টাকা আজ সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্নস্থান থেকে উদ্ধার করা হয়।
এছাড়াও জুন মাসে বিকাশ, নগদ ও রকেটে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। যা আজ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হলো।
পুলিশ সুপার এময় উপস্থিত সকলের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি বিকাশে প্রতারণার মাধমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, ফেসবুকে প্রতারণাসহ সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে।
জেলা পুলিশ সার্বক্ষণিক আন্তরিক হয়ে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। এতে জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা দিন দিন আরও বাড়ছে।