বাসস
  ২৯ জুন ২০২৬, ২০:৩৮

শেরপুর সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি 

শেরপুর, ২৮ জুন ২০২৬ (বাসস) : জেলায় আজ শ্রীবরদী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানকালে চোরাইপথে আনা ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।  

জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য আনুমানিক প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ সোমবার ভোররাতে শ্রীবরদী উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব শাড়ি জব্দ করেন।

সোমবার বিকেলে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা রাঙাজান পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ২৯২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত  শাড়ির সর্বমোট মূল্য আনুমানিক প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা। 

বিজিবি’র তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।