শিরোনাম

খুলনা, ২৯ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত -এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জাতীয়তাবাদী শ্রমিকদলের নগর কমিটির আহবায়ক মো. মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ।
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান।
জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকলে অঙ্গহানি এমনকি প্রাণহানির মতো দুর্ঘটনাও ঘটতে পারে। দারিদ্র্য, পারিবারিক সংকট ও মাদকের নেতিবাচক প্রভাবের কারণে অনেক শিশুশ্রমে যুক্ত হয়। শিশুশ্রম নিরসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে, দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরা অংশ নেন।