বাসস
  ২৯ জুন ২০২৬, ১৮:৩৩

নওগাঁয় সরকারি অনুদানের চেক বিতরণ 

সোমবার নওগাঁয় আয়োজিত অনুষ্ঠানে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। ছবি: বাসস

নওগাঁ, ২৯ জুন ২০২৬ (বাসস): জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে আজ ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গের মধ্যে সরকারি অনুদানে চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফারুকুর রহমান ফয়সল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,  চলতি বছর জেলার মোট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে মোট ১২ লাখ ৪৭ হাজার টাকা এবং ১৪২ জন সংস্কৃতি কর্মীর মধ্যে মোট ৩৬ লাখ ২৫ হাজার পাঁচশ’ টাকা বিতরণ করা হয়েছে।

অনুদানের চেকপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে একুশে পরিষদ, নওগাঁ সাহিত্য পরিষদ, নজরুল একাডেমি সহ বিভিন্ন সংগঠন।