বাসস
  ২৯ জুন ২০২৬, ১৮:১৬

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণে সুগন্ধা নদীতে অভিযান

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।  ছবি: বাসস

ঝালকাঠি, ২৯ জুন, ২০২৬ (বাসস) : জেলায় জাটকা সংরক্ষণ ও অন্যান্য দেশীয় মাছের নিরাপদ প্রজননে সুগন্ধা ও বাসন্ডা নদীতে অভিযান পরিচালনা করে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

আজ সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। 

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে সুগন্ধা ও বাসন্ডা নদী থেকে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৫ হাজার টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, জাটকা ও অন্যান্য দেশীয় মাছের নিরাপদ প্রজনন এবং ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বাসসকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ঝালকাঠি নৌ পুলিশের একটি দল সহায়তা করে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জাটকা সংরক্ষণ অভিযান গত ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এ কর্মসূচির প্রতিপাদ্য, ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি।’