বাসস
  ২৯ জুন ২০২৬, ১৬:১৯

চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

চট্টগ্রামের হাটহাজারীতে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দসহ দুইজন গ্রেফতার। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৯ জুন, ২০২৫ (বাসস): জেলার হাটহাজারীতে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে থানা পুলিশ। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ (মিনি ট্রাক)।

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পৌরসভার ওয়ালটন শো-রুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।

পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কাপড়বাহী একটি পিকআপ চট্টগ্রামের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে একটি সিঙ্গেল ক্যাবিন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি ও ২৪৬টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয় এবং মালামাল বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি-পিসগুলোর মূল্য প্রায় ৬ লাখ ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।