বাসস
  ২৯ জুন ২০২৬, ১৪:৫৬

শৈলকুপায় পিকআপভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ, ২৯ জুন, ২০২৬ (বাসস) : জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথিমধ্যে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তীর্থ বিশ্বাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উমা ইসলাম জানান, আহত শিক্ষার্থী হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছে। আমরা হাসপাতালে তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, ঘটনার পর ঘাতক পিকআপভ্যানটিকে আটক করা হয়েছে। 
মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।