শিরোনাম

বাগেরহাট, ২৭ জুন ২০২৬ (বাসস): জেলার মোংলায় পশুর নদীতে চব্বিশ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম আজ সকালে মোংলায় পশুর নদীর স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে ফুল-টাইম এ ফেরি সার্ভিস উদ্বোধন করেন।
তিনি বলেন, মোংলায় নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলে কর্মরত হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পশুর নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৩ সালে মোংলায় নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন তা কেবল জোয়ারের সময় সীমাবদ্ধ ছিল। ভাটার সময় ফেরি চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। নতুন ব্যবস্থায় এখন থেকে দুটি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে। ফলে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে নদী পারাপার করতে পারবে।
তিনি বলেন, ফেরিঘাটে ভাড়ার নির্ধারিত তালিকা (রেট চার্ট) অবশ্যই দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। রেট চার্ট প্রদর্শন না করা হলে যাত্রীদের ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনি।