শিরোনাম

সুনামগঞ্জ, ২৭ জুন ২০২৬ (বাসস): জেলার তাহিরপুর উপজেলায় আজ বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২৪) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সমসার হাওরে এ ঘটনা ঘটে।
নিহত নজির হোসেন আখঞ্জী জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের আব্দুস সালামের ছেলে। নজির হোসেন আখঞ্জী কয়লা পরিবহন শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সমসার হাওরে নৌকা থেকে কয়লা তুলছিলেন নজির হোসেন আখঞ্জী। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হওয়ায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় নজির হোসেন আখঞ্জীকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।