বাসস
  ২৫ জুন ২০২৬, ১৬:৩১

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কলমাকান্দায় কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

ছবি: বাসস

নেত্রকোণা, ২৫ জুন, ২০২৬ (বাসস): আগামী ২৮ জুন দেশব্যাপী পালিত হতে যাওয়া ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণার কলমাকান্দায় অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মপরিকল্পনা সভায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা বিভাগ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সোহরাব হোসাইন লিংকন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। 

ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেয়া হয়।

সভায় জানানো হয়, আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কলমাকান্দা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৮৪৮ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজার ৪৩০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার মোট ৪৩ হাজার ২৭৮ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলাজুড়ে ক্যাম্পেইনটি পরিচালিত হবে। এ কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।