বাসস
  ২৫ জুন ২০২৬, ১৫:৫০

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ, ২৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার হরিণাকুণ্ডুর চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আজ একটি আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা-অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহতের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে ওই দিনই হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরকিয়ার জেরে হত্যা হয়েছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ দুপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

এ মামলায় অপর দুই আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।