বাসস
  ২৫ জুন ২০২৬, ১৫:৪৫

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি: বাসস

টাঙ্গাইল, ২৫ জুন, ২০২৬ (বাসস) : জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের সভাপক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম জানান, এ বছর ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৮ হাজার ৫৩২ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়নে জেলায় ৩০২০ টি কেন্দ্র খোলা হয়েছে। 

অপরদিকে ৫১৪ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী কাজ করবেন। আগামী রোববার নির্ধারিত ইপিআই কেন্দ্রে শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুস্তাবীন, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জুলেখা খানম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, জেলার সাবেক ইপিআই সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।