বাসস
  ২৫ জুন ২০২৬, ১৫:৩৩

রংপুর সিটিতে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি: বাসস

রংপুর, ২৫ জুন ২০২৬ (বাসস): রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে একযোগে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ২৮ জুন (রোববার) এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে। 

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী আজ সকালে সিটি করপোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

তিনি বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট ২৯৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ৬৬ জন সুপারভাইজার, ৬ জন মনিটরিং কর্মকর্তা এবং ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ মোট ৬৬৬ জন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

মাহফুজ উন নবী চৌধুরী জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৬২৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ৩৭১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে মোট ৮৬ হাজার শিশুকে এ সেবার আওতায় আনা হবে।

তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে এবং রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিরাপদভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। নগরবাসীর সার্বিক সহযোগিতায় কর্মসূচি শতভাগ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।